News and Events
'Transforming Higher Education: Drivers and Challenges of OBE Curriculum' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Date : 24 Feb 2026
২৪ এবং ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ দুপুর ২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে 'Transforming Higher Education: Drivers and Challenges of OBE Curriculum' শীর্ষক কর্মশালা আইকিউএসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে এবং শেখার প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের দলগতভাবে পড়াশোনা ও আলোচনা করার পরামর্শ দেন এবং বলেন, পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে কীভাবে সর্বোত্তম সমাধানে পৌঁছানো যায় তা অন্বেষণ করতে হবে।
তিনি আরও বলেন, ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) ব্যবস্থার নিজস্ব কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষতা, জ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হয়ে বিশ্বমঞ্চে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আজকের কর্মশালায় অংশগ্রহণকারী ৯টি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্রতিনিধি। তিনি কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সহপাঠীদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান । তিনি বলেন, এটি একটি প্রয়োজনভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এই কারিকুলামে শিক্ষকদের অতিরিক্ত পরিশ্রম করতে হয়। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে ওবিই (Outcome-Based Education) চালু হয়েছে, তার মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অগ্রগামী অবস্থানে রয়েছে। এই কারিকুলামভিত্তিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং বিশ্বের যেকোনো স্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, এই শিক্ষা ব্যবস্থায় আমরা এখনও নবীন। বর্তমান শিক্ষা কারিকুলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং নিবিড়ভাবে সম্পৃক্ত। বর্তমান বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় সবাই সবকিছুর মান ও কার্যকারিতা যাচাই করছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আজকের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ওবিই কারিকুলামের চ্যালেঞ্জ ও বৈচিত্র্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।
কর্মশালায় স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির অন্তর্ভুক্ত বিভাগের স্নাতক পর্যায়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ৪ (চার) জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।